Sunday, January 10, 2016

প্রখ্যাত জয়নগরের মোয়া

পশ্চিমবঙ্গের প্রখ্যাত জয়নগরের মোয়া
-------------------------------------------------------------------------




এখন শীতকাল ৷ তাই প্রতিটি জায়গায় আবার উচ্চারিত হচ্ছে ‘জয়নগরের মোয়া’র নাম৷আজ জেনে নিন মজাদার এই মোয়া তৈরির বৃত্তান্ত৷
১৷কণকচূড় ধানের খই
জয়নগরের মোয়ার অন্যতম প্রধান উপাদান কণকচূড় ধানের খই, যা এখনও প্রথাগত পদ্ধতিতেই ঝাড়াই-বাছাই করা হয়৷ দঃ ২৪ পরগণার বিস্তির্ণ উর্বর সমভূমিতে এই ধান চাষ হয় এবং তা জয়নগরে সরাবরাহ করা হয়৷
২৷খেজুরের রসে মোয়া
মোয়ার দ্বিতীয় উপাদান হলো ‘নলেন গুড়’, যা অত্যন্ত যত্ন নিয়ে খেজুরের রস জাল দিয়ে তৈরি করতে হয়৷ নগরায়নের জন্য খেঁজুর গাছের সংখ্যা কমছে৷ খেঁজুর গাছ সংরক্ষণ করা অত্যন্ত জরুরী, নইলে জয়নগরের মোয়া বিপন্ন হয়ে পড়বে৷
৩৷শিউলি
খেজুর গাছ কেটে রস সংগ্রহ করেন যাঁরা, তাঁদের চলতি কথায় বলা হয় ‘শিউলি’ - এঁরা গাছ বাইতে ওস্তাদ৷ শীতের মরসুমে গাছ কাটা,রস, গুড় তৈরী করা নিয়ে এদের চোখের ঘুম চলে যায়৷ 

৪৷নলেন গুড়
খেজুর গাছের মাথার দিকে, গুঁড়ির গায়ে চিরে দিয়ে, তার তলায় বাঁধা হয় মাটির হাঁড়ি - সরু নল দিয়ে রস এসে জমা হয় হাঁড়িতে৷ এই নলের কারণেই নাম ‘নলেন গুড়’৷
৫৷গাছের গায়ের দাগ
খেজুর গাছের গায়ে কাটার দাগ পরিষ্কার দেখতে পাওয়া যায় - যে গাছের গায়ে যত বেশি দাগ, ধরে নিতে হবে, সেই গাছের রস তত বেশি মিষ্টি৷
৬৷জ্বালানি কাঠের ঢিমে আঁচের মোয়া
গুড় জাল দেওয়ার জন্য দরকার হয় প্রচুর পরিমাণে কাঠের ঢিমে আঁচ - সেই জ্বালানি কাঠ শীতকাল শুরু হওয়ার আগেই মজুত রাখতে হয়৷
৭৷মোয়ার মণ্ড
নলেন গুড়ের সঙ্গে কণকচূড় ধানের খই মিশিয়ে, ঘন করে পাক দিয়ে তৈরি হয় জয়নগরের মোয়ার মণ্ড৷
৮৷ঘি মেখে তৈরি মোয়া
গাওয়া ঘি দু হাতে মেখে, গোল গোল করে পাকিয়ে তৈরি করা হয় মোয়া৷
৯৷ক্ষীরের মোয়া
স্বাদ বাড়ানোর জন্য তার সঙ্গে যুক্ত হয় খোয়া ক্ষীর, কাজুবাদাম, কিশমিশ৷
১০সর্বত্র পাওয়া যায় এই মোয়া
কখনও হাঁড়িতে, কখনও রঙচঙে প্যাকেটে ভরে জয়নগরের মোয়া চলে যায় রাজ্যের সর্বত্র, রাজ্যের বাইরে এমনকি বিদেশেও৷

১১৷নকল 'জয়নগরের মোয়া' থেকে সাবধান
পশ্চিমবঙ্গের নানা প্রান্তে দেখতে পাবেন অসংখ্য দোকানে জয়নগরের মোয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের স্থানীয় মোয়া বিক্রি করছে৷ 
১২৷এক এবং অদ্বিতীয়
রেসিপি যতই জেনে ফেলুন না কেন, জয়নগরের মোয়ার মতো স্বাদ কখনও আনা সম্ভব নয়৷ এর গোপন চাবিকাঠি শুধুমাত্র জয়নগরের কারীগররাই জানেন৷   আরো জানতে চাইলে কম্যান্টে ইচ্ছা প্রকাশ করুন-
‪#‎এই_ব্লগের_যেকোনো_কন্টেন্ট_কপি_বা_ব্যবহার_নিষেধ‬
ফেসবুকে আমার সাথে যোগাযোগ করুন -Sardarji on facebook.

No comments:

Post a Comment